শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম লন্ডনে ছাত্রদল নেতাদের তোপের মুখে পড়ে চরম নাজেহাল হয়েছেন। এর আগে একই রেস্টুরেন্টে তোপের মুখে পড়ে পালিয়ে যান আওয়ামীলীগের সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার (২৯ জুলাই) পশ্চিম লন্ডনের এলপোট লান্ড এলাকায় অবস্থিত ‘আনান সেন্টার’-এর একটি রেস্টুরেন্টে।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও চিত্র সূত্রে জানা যায়, শ ম রেজাউল করিম রেস্টুরেন্টে অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সেখানে উপস্থিত হয়।
এ সময় উপস্থিত ছাত্রদল নেতারা তাকে দেশব্যাপী গুম, খুন, দুর্নীতি এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হত্যার বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত করেন। ভিডিওতে দেখা যায়, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নেতাদের গুম এবং দেশ থেকে কোটি কোটি টাকা পাচারের বিষয়ে কড়া জবাব চাওয়া হলে শ ম রেজাউল করিম সম্পূর্ণ বাকরুদ্ধ ও অসহায় হয়ে বসে থাকেন।
পরবর্তীতে রেস্টুরেন্টে উপস্থিত কিছু লোকের সহায়তায় তিনি সেখান থেকে দ্রুত সটকে পড়েন।
এ বিষয়ে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রিবলু জানান, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশে হাজারও মানুষকে হত্যা ও গুম করে জনগণের টাকা লুটপাট করে লন্ডনে এসে বিলাসিতা করছে। আমরা খবর পেয়ে আনান সেন্টারে যাই এবং তার কাছে জবাব চাই। কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে কিছু লোকের সহায়তায় পালিয়ে যান।’
তিনি আরও উল্লেখ করেন, এর কিছুদিন আগেও একই স্থানে তারা সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে পেয়েছিলেন এবং তিনিও একইভাবে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন।
সময়ের আলো/জেডি