বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক।
সংস্থাটির চেয়ারম্যান পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. জিয়াউল হক নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সংস্থার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২৬ জুলাই জারি করা পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর থেকেই বিপিসির চেয়ারম্যানের পদটি শূন্য ছিল।
সময়ের আলো/এমকে