আবাসন সংকট নিরসনে স্পেনে দেশব্যাপী ধর্মঘট, অংশ নিলেন লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

স্পেনে ক্রমবর্ধমান আবাসন সংকটের সমাধানের দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত এই

2026-11-12T15:09:13+00:00
2026-11-12T15:09:13+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
আবাসন সংকট নিরসনে স্পেনে দেশব্যাপী ধর্মঘট, অংশ নিলেন লাখো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম 
মাদ্রিদ সিটি স্কয়ারে আবাসন সংকটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে প্রতিবাদকারীদের বিপুল সমাগম। ছবি: রয়টার্স
স্পেনে ক্রমবর্ধমান আবাসন সংকটের সমাধানের দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত এই ধর্মঘটে ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে আয়োজকরা। দেশটির মোট শ্রমশক্তির প্রায় এক-পঞ্চমাংশ এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন।

২০১২ সালে ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় সরকারের কঠোর ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে সর্বশেষ বড় ধরনের সাধারণ ধর্মঘট হয়েছিল স্পেনে। দীর্ঘ বিরতির পর বুধবার আবারও দেশজুড়ে কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটল।

দেশটির বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও) যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়। সংগঠন দুটি ১০ লাখেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। বাড়িভাড়া বৃদ্ধি, উচ্ছেদ এবং আবাসন ব্যয়ের চাপে ক্ষুব্ধ বিভিন্ন ভাড়াটিয়া সংগঠনও তাদের কর্মসূচির প্রতি সংহতি জানায়।

ইউনিয়নগুলোর দাবি, অধিকাংশ স্থানে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে দিনের শেষ দিকে রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দেশটিতে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিন সপ্তাহেরও কম সময় আগে এই আন্দোলন রাজনৈতিক ও সামাজিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।

বুধবার প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন শহরে শ্রমিকরা পিকেটিং করেন। বার্সেলোনায় মূল বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পর কয়েকটি স্থানে সড়কের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। রয়টার্সের ভিডিও ফুটেজে এসব দৃশ্য দেখা গেছে।

অন্যদিকে, মাদ্রিদের কেন্দ্রীয় এলাকা প্লাজা দে এস্পানিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশের তথ্যমতে, সাধারণ ধর্মঘটকে ঘিরে সারা দেশে অন্তত ১ হাজার ৪৪টি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন অফিস ও শিল্প এলাকায় অবরোধ এবং ময়লার কন্টেইনারে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে। এসব ঘটনায় কমপক্ষে ৭৩ জনকে আটক করা হয়েছে।

ধর্মঘটকে সফল হিসেবে দেখছে আয়োজক শ্রমিক ইউনিয়নগুলো। তবে স্পেনের বিভিন্ন অঞ্চলে কর্মসূচিতে অংশগ্রহণের হার এক রকম ছিল না। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে ধর্মঘটের প্রতি সমর্থন বেশি দেখা গেছে। এসব অঞ্চলে আবাসন সংকটও তুলনামূলকভাবে প্রকট।

মাদ্রিদের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক সড়ক গ্রান ভিয়ায় বিক্ষোভ শুরু হলে নিরাপত্তার কারণে প্রাইমার্ক, এইচ অ্যান্ড এম ও পুল অ্যান্ড বিয়ারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। সড়কজুড়ে দাঙ্গা পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বার্সেলোনার অনেক দোকানও বন্ধ রাখা হয়। সম্ভাব্য ভাঙচুর এড়াতে বেশ কয়েকটি দোকানের সামনে কাঠের প্রতিবন্ধক তৈরি করা হয়েছিল।

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


বাড়ি কেনার সামর্থ্য না থাকায় দেশটির অনেক মানুষ ভাড়াবাসার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে ভাড়ার বাজারে চাহিদা বেড়েছে এবং বাড়িভাড়াও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। স্পেনের ইউথ কাউন্সিলের হিসাব অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৬২২ টাকা। অথচ একজন তরুণ কর্মজীবীর গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশই ব্যয় হয়ে যায় বাড়িভাড়া পরিশোধে।

আবাসন সংকটের বাস্তব চিত্র তুলে ধরে মাদ্রিদের বাসিন্দা ও হাসপাতালের আইটি বিভাগের কর্মী জেসাস গঞ্জালেস বলেন, ৩৬ বছর বয়সেও তিনি আলাদা বাসা নিয়ে বসবাস করতে পারছেন না। বাড়িভাড়া ও বাড়ির দাম যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

তবে ব্যবসায়ীদের সংগঠন সিইওইর ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা দে মিগুয়েল এই ধর্মঘটের বিরোধিতা করেছেন। তাঁর মতে, এমন কর্মসূচি সংকট সমাধানের পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আবাসন সমস্যার কারণে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রয়োজনীয় কর্মী নিয়োগে বাধার সৃষ্টি হচ্ছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবাসন সংকট মোকাবিলায় নতুন বাড়ি নির্মাণের গতি বাড়াতে হবে। পাশাপাশি নির্মাণ খাত ও বাড়ি কেনাবেচার প্রক্রিয়ায় কর কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে ‘চার্লস’ ও ‘ব্রুনা’ নামের দুটি শক্তিশালী ঝড়ের প্রভাবে বিক্ষোভ কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। প্রতিকূল আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ক্যাডিজসহ কয়েকটি শহরে শ্রমিক ইউনিয়নগুলো বড় সমাবেশের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়।

ধর্মঘট চলাকালে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলো। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনা ছিল অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ। এসব ঘটনায় অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে দাবি করেছে ইউনিয়নগুলো। এ ঘটনায় তারা ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তবে অভিযোগের বিষয়ে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   স্পেন  আবাসন সংকট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: