বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক

2026-11-12T17:00:00+00:00
2026-11-12T17:00:00+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম 
তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি : পিএমও
বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কৃষি খাতের উন্নয়নসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন অ্যান্থনি আলবানিজ। একই সঙ্গে তিনি তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান।

আলোচনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচিসহ পরিবেশ সুরক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে।


বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি কৃষি খাতের উন্নয়নেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক সংকট মোকাবিলায় সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিনিয়োগ  রোহিঙ্গা প্রত্যাবাসন  অস্ট্রেলিয়া  সহযোগিতা  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: