তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদের ওপর হওয়া পুলিশি অত্যাচার নিয়ে কোনো কথা বলেননি তিনি। আর এই সমালোচনা তৈরি হয়েছে একটি ভিডিওকে কেন্দ্র করে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভূমি বলেন, দেশের যুবসমাজের ক্ষোভ প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু সেই প্রতিবাদ যেন অশালীন ভাষায় না হয়। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা ভারতের সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। বাড়ির বড়দের সঙ্গে যেমন কেউ এভাবে কথা বলে না, তেমনই সর্বত্র শালীনতা বজায় রাখা উচিত।
ভূমি আরও জানান, কোনো দেশের উন্নতি তখনই সম্ভব, যখন মানুষ একসঙ্গে বসে সমস্যা ও ভালো দিক, দুটো নিয়েই আলোচনা করবে। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ভাষা ও ভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ।
তিনি দেশের তরুণদের ঐক্যবদ্ধভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তবে অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা।
বহু নেটিজেন দাবি করেন, তিনি শুধু প্রতিবাদকারীদের ভাষা নিয়ে কথা বলেছেন, কিন্তু আন্দোলনের সময় আহত ছাত্রছাত্রীদের লাঠিচার্জ বা পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। সেই কারণেই তাকে ‘সিলেক্টিভ’ বা বেছে বেছে প্রতিবাদ করার অভিযোগে কাঠগড়ায় তোলা হচ্ছে।
কেবল ভাষা নিয়ে নীতিবাক্য শোনানোর আগে ছাত্রদের বর্তমান পরিস্থিতি ও তাদের অভিযোগের দিকেও নজর দেওয়া উচিত ছিল। এই কারণেই ভূমির ভিডিওকে ‘টোন-পুলিশিং’ বলেও আখ্যা দিয়েছেন সমালোচকদের একাংশ।
উল্লেখ্য, সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সামনে এসেছে। এই বিতর্কে এর আগে কঙ্গনা রনৌত এবং মুকেশ খান্নাও নিজেদের মত প্রকাশ করেছিলেন। তাদের পর এবার ভূমি পেডনেকরের মন্তব্যও নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে