প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি ডিলিট করে দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং দল থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
তবে এর কিছুদিন পর বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার বাদী জানান, ওই ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি ও জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বগুড়ায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
সময়ের আলো/জেডি