জুলাই যোদ্ধা আল নূর মোহাম্মদ আয়াসের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমেন মেহেদী, তার স্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, দলটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা (৪০), যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান (৪৭), সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল (৪০) এবং হরি সরকার (৩৬)।
এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
আদালতে শান্তা ফারজানা ও মোমেন মেহেদীর পক্ষে একাধিক আইনজীবী ওকালতনামা দাখিল করায় বিষয়টি নিষ্পত্তির জন্য ঢাকা আইনজীবী সমিতিতে পাঠানো হয়। অপর চার আসামির পক্ষে জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
মামলার এজাহার অনুযায়ী, বুধবার সকালে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে প্রেস ক্লাবের সামনে আসামিরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। এ সময় সেখানে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও এসডিএএফের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ অন্যরা এর প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, এসএস পাইপ ও চেয়ার নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান।
অভিযোগে আরও বলা হয়, এক নম্বর আসামি শান্তা ফারজানা হত্যার উদ্দেশ্যে এসএস পাইপ দিয়ে আঘাত করে আল নূর মোহাম্মদ আয়াসের মাথা, মুখমণ্ডল ও দুই হাত জখম করেন। হামলায় জুলাই যোদ্ধা মহসিন, আশরাফুল, তাওহীদ এবং মামলার বাদী বাবুল সরদারও আহত হন। পরে স্থানীয়রা আহত আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানা ও মোমেন মেহেদী এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেআইনিভাবে প্রবেশ করে শেখ হাসিনাকে বৈধ এবং তারেক রহমানকে অবৈধ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তারা জুলাই আন্দোলনকে ‘জঙ্গি আন্দোলন’ এবং আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়েছে।
সময়ের আলো/এসএকে