প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৩৬ এএম
সংগৃহীত ছবিদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাগ্য নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ‘ডেথ রেফারেন্স’ বা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা। প্রচলিত আইন অনুযায়ী দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন, তখন সেই সাজা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। বর্তমানে নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলা হাইকোর্টে দ্রুত নিষ্পত্তিতে দৃষ্টান্ত তৈরি হয়েছে।
সম্প্রতি অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণার করেছেন। যা দেশের বিচারিক ইতিহাসে নজির স্থাপন করেছে। অন্যদিকে এই বেঞ্চের বিচারিক কার্যক্রম চলমান রাখার পাশাপাশি উচ্চ আদালতের ডেথ রেফারেন্স মামলা জট কমাতে আরও কয়েকটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারাধীন ডেথ রেফারেন্স মামলার সবশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার সংখ্যা ১ হাজার ৩০১টি। গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে হাইকোর্টে নিষ্পত্তি হয় মাত্র ১০টি ডেথ রেফারেন্স মামলা। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় এখন হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য ‘পেপারবুক’ প্রস্তুতে দীর্ঘ সময় লাগা ও মামলা অনুপাতে ডেথ রেফারেন্স শুনানির বেঞ্চ কম থাকাকে অন্যতম কারণ বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
অন্যদিকে ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার ফলে কারাগারের কনডেম সেলে অনেক আসামি বছরের পর বছর বন্দি জীবন পার করেন। কিন্তু পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায় এই বন্দিদের কেউ কেউ হাইকোর্টের রায়ে খালাসও পান।
এ ক্ষেত্রে ডেথ রেফারেন্স মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে অনেক আসামি কারাগারের কনডেম সেলের অনাকাঙ্ক্ষিত বন্দিদশা থেকে রেহাই পেতেন বলে মনে করেন তারা।
ডেথ রেফারেন্স মামলার জট কমানোর উপায় হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহী হতে হবে। সেই সঙ্গে ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিচারকদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করে দৃষ্টান্ত তৈরি করেছেন।
জানা যায়, ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও ক্ষমতা বর্ণিত আছে। আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগ চাইলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। আবার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন কিংবা আসামিকে খালাসও দিতে পারেন। এ ছাড়া হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশ দিতে পারেন।
সময়ের আলো/প্রিন্ট/আতা