প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি : সংগৃহীত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত নয়ন মিয়া হত্যা মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মির্জা আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই দুলাল হক আসামিকে কারাগারে আটক রাখার আবেদন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কলাবাগান থানার বীর উত্তম সি আর দত্ত সড়কের সোনারগাঁও রোডে আলম রেস্তোরাঁর সামনে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া। কপালের বাঁ পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নয়নের শ্বশুর মো. এরশাদুল হক কলাবাগান থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়।
সময়ের আলো/জেডি