আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী যুবলীগ নেতা ড. শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
এ সময় আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন শুনানিতে বলেন, কোর্টে আমাদের ওপর বহিরাগতরা এসে মব করেছে। বিচারককে উদ্দেশ্যে তিনি বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) এই সময়ে আপনার কোর্টে জামিন শুনানি করেছি (বাবুল আক্তার নামে একজন আসামির)। এরপরে সাঈদ খোকনের শুনানি করতে গেলে তারা তাকে মব করে। যেখানে আমি নিজেও ভুক্তভোগী। আমাকেও হেনস্তা করা হয়েছে। পরে আসামি নিজে আইনজীবী হওয়ায় তিনি নিজেও শুনানি করতে আদালতের কাছে অনুমতি চাইলে বিচারক বলেন, এক মিনিটের মধ্যে বলতে বলেন।
বিচারকের অনুমতি নিয়ে নিজের জামিন শুনানিতে অ্যাডভোকেট সোহাগ বলেন, গত ১৮ নভেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের মামলায় ৩৩ নং কোর্টে উপস্থিত হয়। সেখান থেকে আমাকে টেনেহিঁচড়ে এজলাসে থেকে বের করে দেয়। আমাকে প্রায় এক ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়। তারা আমাকে টেনেহিঁচড়ে এজলাসে থেকে নিচে নামিয়ে আনেন। এর মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমি নিজেকে আবিষ্কার করি ভিক্টোরিয়া পার্কে একটা ভ্যানের ওপর। আমাকে দেখে অনেকে মনে করেছে লাশ। আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।
এক পর্যায়ে বিচারক বলেন, জামিন বিষয়ে আপনি বলুন। এরপর সোহাগ আরও বলেন, গত ৯ তারিখের আদালতে সামনে বোমা হামলার ঘটনায় আমি কোনো বোমা হামলা করব! একজন আইনজীবী বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারেনি। আমি জামিন পাওয়ার হকদার।
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, এই আসামি যুবলীগের নেতা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা। ছাত্রলীগের রাজনীতির সময় তিনি বোমা বানাতেন। এজন্য এই এলাকার মানুষ তাকে চেনে। তাই মঙ্গলবার তাকে স্থানীয়রা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। তারা দিনে আসেন আদালতে উকালতি করতে। আর রাত হলে বোমা নিক্ষেপ করেন, গাড়িতে আগুন দেয়, ভাঙচুর করেন। উনাদের নির্দেশে বোমা নিক্ষেপ করা হয়েছে। এই আসামি সোহাগ এই ঘটনায় সঙ্গে জড়িত রয়েছে। আসামির জামিন বাতিলের প্রার্থনা করছি। এরপর বিচারক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।
সিএমএম আদালতের সামনে বোমা নিক্ষেপ করা হয়েছে। মামলাটি সন্ত্রাসী বিরোধী আইনে ধারায়। এটা সাধারণ বিবেচনায় জামিন দেওয়া যায় না। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন- ওবায়দুর রহমান সুদাইচ ও মো. সুমাইয ইসলাম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুই জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
সময়ের আলো/জেডি