মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না, কারণ কী

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে

2026-11-17T13:57:15+00:00
2026-11-17T13:57:15+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আইন-আদালত
মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না, কারণ কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস । ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল, তা প্রমাণিত হয়েছে। শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। ফলে সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার বিষয়ে আদালত বলেন, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য দেননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আদালত সেই জবানবন্দি আমলে নিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

স্বপ্নার খালাসের বিষয়ে তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মূল অপরাধে স্বপ্না আক্তারের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এ কারণে আদালত তাকে খালাস দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যা করেন। এরপর মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও সেটি যে তার নিজের সন্তানের, তা বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিন ২ জুন এক দিনেই ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন রায় ঘোষণা করেন বিচারিক আদালত। ওই রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।


বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। পরে মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়া হয়।

রায় ঘোষণার আগে মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতেও বহাল রাখার প্রত্যাশা জানিয়েছিলেন। দ্রুত বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ায় সরকার ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মৃত্যুদণ্ড  থেকে  খালাস  পেলেন  সোহেলের স্ত্রী স্বপ্না  কারণ কী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: