প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । ছবি : সংগৃহীতঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো দুই আসামিরা হলেন- কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল ও তার সহযোগী সুকুমার হাওলাদার।
এ দিন, কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় সাতদিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে, গত ১০ নভেম্বর তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের শুনানির জন্য আদালত ১৬ নভেম্বর দিন ধার্য করেছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন। এসময় আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।
সময়ের আলো/এসকে