ছবি : সংগৃহীতরাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি যুক্ত রেখে বিচারিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য কোনো আসামি অসহযোগিতা, অসংযত আচরণ বা বিচারকাজে বিঘ্ন ঘটালে তার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
এদিকে, জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, সকালে অসুস্থতার কথা জানিয়ে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান জিয়াউল আহসান। পরে বিভিন্ন অজুহাতে পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন তিনি। তার এমন আচরণের কারণে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হতে প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তাঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে সশরীরে হাজির হতে না পারলে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও অডিও-ভিডিও বা ভার্চ্যুয়াল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে।
এর আগে গত ১২ নভেম্বরও শাপলা চত্বর গণহত্যা মামলায় জিয়াউল আহসানের আচরণে বিচারকাজ ব্যাহত হওয়ার অভিযোগ করেছিলেন চিফ প্রসিকিউটর। সেদিনও তিনি ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার পরিচালনার বিষয়টি বিবেচনার জন্য ট্রাইব্যুনালের কাছে অনুরোধ জানান।
মামলার সর্বশেষ অবস্থা
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ১১ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকি ৩০ জন পলাতক। সোমবার কারাগারে থাকা ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে জিয়াউল আহসানকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে আনা হয়।
আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে গত ১২ নভেম্বর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। সোমবার আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হলেও তা শেষ হয়নি। ফলে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলায় দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিবরণ রয়েছে।
সময়ের আলো/এসএকে