প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত । ছবি : সংগৃহীতবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে কারাগার থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দোহা এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে এই হত্যা মামলার ঘটনার সঙ্গে আশিকা সুলতানার জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তকালে আরও জানা গেছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে দমন-পীড়নে মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তাই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে সরকারের পতনের আনন্দে বিজয় মিছিলে অংশ নেন ভিকটিম তোফাজ্জল হোসেন খান। মিছিলটি মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ২ নম্বরের দিকে প্রদক্ষিণ করার সময় পেছন দিক থেকে সশস্ত্র পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা গুলি চালায়।
একই সময়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে অবস্থানরত স্থানীয় ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররাও গুলি ছোড়ে। সশস্ত্র ক্যাডারদের ছোড়া গুলি ভিকটিম তোফাজ্জল হোসেন খানের মাথার পেছনে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর ৬-এ অবস্থিত ডা. আজমল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা হয়।
সময়ের আলো/এসকে