অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেগুলো বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে বৈধভাবে

2026-11-13T07:43:57+00:00
2026-11-13T07:43:57+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত
অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেগুলো বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে বৈধভাবে পরিচালিত ইটভাটার মালিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এ বিষয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনের শুনানি শেষে আদালত এসব নির্দেশনা দেন।

আবেদনকারীর পক্ষে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচআরপিবির করা জনস্বার্থমূলক রিটের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৩ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ, ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারিও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আগের আদেশ সংশোধন করে জিগজ্যাগ প্রযুক্তিতে পরিচালিত ইটভাটাগুলোকে নির্দেশনার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশে সংশোধনী আনেন। তবে অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের মূল নির্দেশনা বহাল রাখেন। পরবর্তী সময়ে ইটভাটার মালিকরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও চেম্বার জজ আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরে আপিল বিভাগেও সংশ্লিষ্ট আপিলগুলো খারিজ হয়ে যায়।

সম্প্রতি ইটভাটার নতুন মৌসুম শুরুর আগে বিভিন্ন এলাকায় বন্ধ থাকা অবৈধ ইটভাটা পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তথ্য পায় এইচআরপিবি। এ পরিস্থিতিতে আদালতের আগের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আবেদন করে সংগঠনটি। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে আদালত সারা দেশের লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দেন।

শুনানিতে আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালের পর একাধিকবার আদালত অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আংশিক পদক্ষেপের তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন ইটভাটার মৌসুম শুরু হওয়ায় বন্ধ থাকা অবৈধ ভাটাগুলো যেন আবার কার্যক্রম শুরু করতে না পারে সে জন্য কার্যকর নির্দেশনা প্রয়োজন।


পরিবেশ অধিদফতরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ আদালতকে জানান, অধিদফতরের পক্ষ থেকে এ মামলায় একাধিকবার হলফনামা দাখিল করা হয়েছে। তবে জেলা পর্যায়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে অনেক সময় জেলা প্রশাসকদের কাছ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না। এ কারণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা নিশ্চিত করার আবেদন জানান তিনি।

অন্যদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, জিগজ্যাগ প্রযুক্তিতে স্থাপিত ইটভাটাগুলো আইন মেনেই পরিচালিত হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে এসব ভাটার অনুকূলে লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে পৃথক একটি রিট আবেদনও করা হয়েছে। 
ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো নির্দেশনা না দেওয়ার আবেদন জানান।

তিনি আরও বলেন, জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দেখার সিদ্ধান্ত রয়েছে।

শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   অবৈধ ইটভাটা  উচ্ছেদ  নির্দেশ  হাইকোর্ট 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: