ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি : সংগৃহীতমানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। শাপলা চত্বরের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের বিষয়গুলো উপস্থাপন করে এ আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানিতে এ আবেদন জানানো হয়। শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালকে জানান। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর।
শুনানিতে শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন তিনি। এরপর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।
মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
অন্যদিকে, শেখ হাসিনাসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা। এ ছাড়া সাবেক পুলিশ ও র্যাব কর্মকর্তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে।
এর আগে, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে এ মামলা করা হয়।
সময়ের আলো/এসকে