ভল্টের টাকা আত্মসাৎ : ব্যাংক কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার)

2026-11-12T20:16:29+00:00
2026-11-12T20:16:29+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আইন-আদালত
ভল্টের টাকা আত্মসাৎ : ব্যাংক কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম 
ব্যাংকের ভল্ট থেকে টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত । ছবি : সংগৃহীত
ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা পুরো অর্থসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জরিমানার এই সম্পূর্ণ অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া, প্রতারণার দায়ে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।

রায়ে আদালত উল্লেখ করেন, আসামির মূল কারাদণ্ডগুলো একটির পর একটি কার্যকর হবে। ফলে তাকে মোট (১০+৫+৫) ২০ বছর কারাভোগ করতে হবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ব্যাংকটির তৎকালীন অপারেশন ম্যানেজার এমরান আহমেদকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবেই ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।


এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক এবং শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়েছিল। 

এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ভল্ট  টাকা  আত্মসাৎ  ব্যাংক  কর্মকর্তা  ২০ বছর  কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: