জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইবুনালে নেয়া হবে না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ

2026-11-15T18:36:04+00:00
2026-11-15T18:55:48+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আইন-আদালত
সংসদে ক্ষোভ
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইবুনালে নেয়া হবে না : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৬:৫৫ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সরকারদলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন লুনা।

তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার তাকে জেরার জন্য আদালতে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা তাকে প্রটোকল দিচ্ছেন।

লুনা বলেন, এ ধরনের অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে তা পরানো হয়নি। বিষয়টি তাকে মর্মাহত করেছে। এ ঘটনায় তার মতো আরও অনেক পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার কি তার প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না—আইনমন্ত্রীর কাছে এ প্রশ্নের ব্যাখ্যা চান তিনি।

এ সময় স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে জবাব দিতে পারেন অথবা নোটিশ দিতে পারেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তার নজরেও এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারভুক্ত নয়। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে জিয়াউল আহসানকে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।


তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত সব গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত, পঙ্গু কিংবা চোখ, হাত ও অন্যান্য অঙ্গ হারানো ব্যক্তিদের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। সংসদে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আইনমন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বলেছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে দল পাঠানো হবে।

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তারা জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে তাদের সহযোগিতা করতে হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গুম-খুন  জিয়াউল আহসান  বিনা হাতকড়া  ট্রাইবুনাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: