শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.

2026-11-15T19:07:51+00:00
2026-11-15T19:07:51+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আইন-আদালত
শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, প্রচলিত আইন মেনেই বিচার সম্পন্ন হয়েছে। কোনো দেশ বা পক্ষের দাবি অনুযায়ী নতুন করে বিচার করার সুযোগ নেই।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে অবস্থানরত এই আসামিকে ফেরত দেওয়ার বিষয়ে দুটি শর্তের কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে এবং গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করতে হবে। 

ভারতের এসব শর্তের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়? বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই।

এ সময় চিফ প্রসিকিউটর জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে সারা দেশে গণশুনানির আয়োজন করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল। আগামী বুধবার যশোর জেলা থেকে এ কার্যক্রম শুরু হবে। এতে জুলাই শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিস আহমেদ।


এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের কারণে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যায়।

সাক্ষ্য গ্রহণের জন্য রোববার সকালে মামলায় গ্রেফতার থাকা এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান ও তৌহিদুল ইসলামসহ পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার বাকি ১৭ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   চিফ প্রসিকিউটর  শেখ হাসিনা 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: