প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তার। ছবি : সংগৃহীত রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার আপিলের রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট। রায় পাঠের সময় আদালত জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করছেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
এ মামলায় নিম্ন আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন নিয়ে হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/কেএইচও