সাঈদ খোকন। ছবি : সময়ের আলো এজলাসে তখন তার রিমান্ড শুনানি চলছে। তদন্ত কর্মকর্তা অভিযোগের বিবরণ তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষ তার রাজনৈতিক পরিচয়, আত্মগোপনে থাকা এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিভিন্ন বিষয় তুলে ধরে রিমান্ডের পক্ষে যুক্তি দিচ্ছে। বিপরীতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানিয়েছেন।
শুনানির একপর্যায়ে নিজেই কথা বলতে চাইলেন সাঈদ খোকন। বিচারকের দৃষ্টি আকর্ষণ করতে হাত তুললেন তিনি। কিন্তু নিজের বক্তব্য তুলে ধরার অনুমতি পাননি। এরপর শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মতালিব হত্যা মামলায় তাকে এ রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকটি গাড়িতে করে সাঈদ খোকনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু হাতে আদালত চত্বরে অবস্থান নেন। বিকেলে তারা ঝাড়ু উঁচিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। কিছুক্ষণ পর বিচারক এজলাসে আসেন। এসময়ও আদালতকক্ষে নিরাপত্তার কড়াকড়ি ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানির কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন সাবেক এ মেয়র।
শুনানির শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগের বিবরণ তুলে ধরেন। এরপর রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী সাঈদ খোকনের রাজনৈতিক পরিচয় এবং আন্দোলন দমনে তার ভূমিকার অভিযোগ তুলে ধরেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট ভিত্তি নেই। তাই তার রিমান্ড বাতিলের আবেদন জানান তিনি।
উভয়পক্ষের বক্তব্যের মধ্যেই এক পর্যায়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন সাঈদ খোকন। হাত তুলে নিজের কথা বলতে চাইলেও আদালতের অনুমতি পাননি তিনি। পরে শুনানি শেষে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করা হয়। পরে এসআরবি তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিলে অংশ নেওয়া আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।
সময়ের আলো/আতা