প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ এএম
আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীতআদালত অবমাননার অভিযোগে তলব করা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য রয়েছে।
এর আগে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের স্বপ্রণোদিত আদেশে তাকে তলব করা হয়। গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত ৪ নভেম্বর তার পক্ষ থেকে করা আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ২৩ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। ফুয়াদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।
পরে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময় আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামী ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি আজ ট্রাইব্যুনালে হাজির হবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে তাকে তলব করেন। পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের ফুয়াদকে তলবের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আইনজীবী বলেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। তাকে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।
প্রসিকিউটর আরও জানান, তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন এবং ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুয়োমোটো নোটিশ জারি করেন। ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সময়ের আলো/জেডআই