আওয়ামী লীগের দলগত দায় তদন্ত করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

2026-11-23T06:34:38+00:00
2026-11-23T06:34:38+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত
প্রসিকিউটর তামিম
আওয়ামী লীগের দলগত দায় তদন্ত করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ এএম 
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ ছাড়া জুলাই আন্দোলনে আওয়ামী লীগের দলগত ও ব্যক্তিগত দায় খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে বলেও জানান তিনি। রোববার  ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য ট্রাইব্যুনালে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। ওই অভিযোগে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়টিও বিচার্য হিসেবে অন্তর্ভুক্ত ছিল। ট্রাইব্যুনাল ওই অভিযোগে আসামিদের দোষী সাব্যস্ত করেছেন এবং তাদের সাজাও দিয়েছেন। এ কারণে প্রসিকিউশনের দৃষ্টিতে রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। 

তিনি আরও বলেন, দেশজুড়ে বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলনও ওই রায়ে রয়েছে বলে তারা মনে করেন। রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। 

তিনি জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। ট্রাইব্যুনালে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার আসামিদের সাজা দেওয়া হয়েছে।


এ ছাড়া দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের তদন্ত ও মামলা নজিরবিহীন হওয়ায় তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান এই প্রসিকিউটর। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে দল হিসেবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের মামলা আগে হয়নি। তাই তদন্তের পরিধি ও ব্যাপকতা বিবেচনায় এটি সম্পন্ন করতে সময় প্রয়োজন।

এদিকে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি দলটির নেতাকর্মীদের ব্যক্তিগত দায় এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। দলগত সংশ্লিষ্টতা থেকে শুরু করে ব্যক্তির ভূমিকা এবং নেতৃত্ব পর্যায়ের দায়— সব দিক বিবেচনায় নিয়েই তদন্ত এগোচ্ছে বলে জানান এমএইচ তামিম।

প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দলগত তাদের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে। সুপিরিয়র দায় আছে। এগুলো নিয়েই আমাদের তদন্ত এগোচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এ তদন্ত দেশব্যাপী বিস্তৃত। দেশের ইতিহাসে এ ধরনের তদন্তের নজির নেই। ফলে পুরো তদন্তপ্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   আওয়ামী লীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: