দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এ দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত ও অনিবন্ধিত সব জুয়েলারি প্রতিষ্ঠানকে এ মূল্য অনুসরণ করতে বলা হয়েছে।
একই সঙ্গে রুপার দামও বেড়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।
বাজুস আরও জানিয়েছে, ঘোষিত দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গহনা বিক্রির সময় আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে নকশা ও কারুকাজ অনুযায়ী প্রস্তুত মজুরি যোগ করা যাবে।
এর আগে ৩১ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম বাড়ল। চলতি বছরে এ নিয়ে ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারের অস্থিরতার চিত্রই তুলে ধরছে।
সময়ের আলো/এমকে