ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটির তালিকায় আবারও শীর্ষস্থান দখল করে রেখেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। গত বছর তালিকার শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে এবার এক নম্বরে উঠে এসেছেন তিনি।
সম্প্রতি বৈশ্বিক কনসালটেন্সি প্রতিষ্ঠান ক্রোল ভারতের সবচেয়ে প্রভাবশালী ও মূল্যবান সেলিব্রিটিদের বার্ষিক ব্র্যান্ড মূল্যায়ন তালিকা প্রকাশ করেছে। সেখানে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ধরা হয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’র পর এখনো শাহরুখের নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও তার ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর তিনি ছিলেন তৃতীয় স্থানে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের সুবাদে তার ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলারে। গতবারের শীর্ষে থাকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ ডলার।
চতুর্থ স্থানে রয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার ব্র্যান্ড মূল্য ১২ কোটি ৫৯ লাখ ডলার। পঞ্চম স্থানে আছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যার ব্র্যান্ড মূল্য ১১ কোটি ৫৩ লাখ ডলার।
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার ব্র্যান্ড মূল্য ৯ কোটি ৩৯ লাখ ডলার। সপ্তম স্থানে দীপিকা পাড়ুকোন (৮ কোটি ৯২ লাখ ডলার), অষ্টম স্থানে হৃতিক রোশন (৮ কোটি ৮৯ লাখ ডলার), নবম স্থানে অমিতাভ বচ্চন (৮ কোটি ৮ লাখ ডলার) এবং দশম স্থানে রয়েছেন অক্ষয় কুমার, যার ব্র্যান্ড মূল্য ৮ কোটি মার্কিন ডলার।
এ ছাড়া তালিকায় জায়গা পেয়েছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান, রোহিত শর্মা, কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি স্যানন, অনন্যা পান্ডে এবং জাসপ্রিত বুমরাহ।
এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ নিয়ে। এতে তার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/কেএইচও