রাজধানীতে পথচারী নারীকে পুলিশের মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক বুলবুল হোসাইনের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
বুলবুল হোসাইনের দাবি, বিজয় সরণি সিগন্যালে পথচারী বাইকার ও নারীর সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা এবং পরবর্তীতে নারীকে পুলিশ কর্তৃক মারধরের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বুলবুল হোসাইন পেশাগত দায়িত্ববোধ থেকে ঘটনার ভিডিও ধারণ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জন পুলিশ সদস্য তাকে জোরপূর্বক পুলিশের একটি ভ্যানে তুলে নেয়।
ভ্যানে তোলার পর ভিডিও করার কারণ জানতে চেয়ে বুলবুলকে বারবার জেরা করতে থাকেন পুলিশ সদস্যরা এবং ধারণকৃত ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকেন। ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানালে তার ওপর শুরু হয় শারীরিক নির্যাতন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, পুলিশ সদস্যরা তাকে ভ্যানের নিচে মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয় এবং বুকের ওপর পা দিয়ে চেপে ধরে অমানবিক নির্যাতন চালানো হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তাকে পুলিশের ভ্যান থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাংবাদিক বুলবুলের মাথার পেছনে, চোখে এবং বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাকে তিন দিনের সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক বুলবুল হোসাইন।
সময়ের আলো/জেডআই