প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে। গ্রাফিক : সময়ের আলোদেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা যান। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ১ হাজার ১২৪ জন। এছাড়া খুলনায় ৩৩২ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, রংপুরে ৭৫ জন, ময়মনসিংহে ৭৪ জন এবং সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সময়ের আলো/এমকে