জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ছবি : সংগৃহীত ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা তৈরির তাগিদ দিয়েছে কমিটি।
এ ছাড়া ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরে দেশের শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা।
সভায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে হজযাত্রী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি সরকারের কাছ থেকে অর্থ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ পরিশোধের সুপারিশ করেছে কমিটি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চলমান কার্যক্রমের অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়। কমিটিকে জানানো হয়, এ নিয়োগপ্রক্রিয়ার সব মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যক্রম পর্যালোচনা করে কমিটি ২০২৭ শিক্ষাবর্ষের সব বই ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয়। নির্ধারিত সময়ে বইয়ের মুদ্রণ ও সরবরাহ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব অনিয়ম তদন্তে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান ও তদন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামোর সর্বশেষ প্রজ্ঞাপন এবং ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। এসব পর্যালোচনা শেষে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নির্বাহী আদেশে নিয়োগের জোর সুপারিশ করে কমিটি।
কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কেও বৈঠকে তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ ও এনসিটিবির শীর্ষ কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/কেএইচও