প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : সংগৃহীত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরত আসা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবেন না।
রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আহমেদ আযম খান বলেন, হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনি ডিসেম্বরে আসবেন, তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। আমি তাদের বলব, দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনোদিন ফিরবেন না।
তিনি বলেন, আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে।
তিনি আরও বলেন, আপনারা সখীপুরের মানুষকে হয়রানি করবেন না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করতে আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে দুইবার কথা বলেছি। সুযোগ হলে আবারও কথা বলব। এ বিষয়ে একাধিকবার বনমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।
সময়ের আলো/কেএইচও