নোয়াখালীর বেগমগঞ্জে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে টার্গেট করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের গলিতে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা ভুক্তভোগী পক্ষ এই হামলার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের ‘নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। ঘটনার রাতে তিনি হকার্স মার্কেটের নিজস্ব কার্যালয়ে বসেছিলেন। পরে রাত পৌনে ১২টার দিকে সহযোগী সেন্টুকে সঙ্গে নিয়ে অফিস থেকে বের হয়ে হাঁটতে শুরু করেন। তারা হকার্স মার্কেটের প্রধান গলির একটি চায়ের দোকানের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা হুট করে আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপদ বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে হাজী আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেন্টু। এতে কাশেমের হাতে সামান্য গুলির আঁচড় লাগলেও সরাসরি বুলেটটি গিয়ে বিদ্ধ হয় সেন্টুর বাম বুকের পাশে। গুলির শব্দে এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোড় হাবীবুর রহমান জানান, দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। পুলিশ পুরো ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মূল টার্গেট বিএনপি নেতা কাশেমই ছিলেন; কিন্তু শেষ মুহূর্তে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগীর বুকে গিয়ে আঘাত হানে।
সময়ের আলো/জেডি