ইতালি বিমানবন্দরে উড়োজাহাজ আটকা নিয়ে যা বলল বিমান কর্তৃপক্ষ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ইতালির রোমে প্রযুক্তিগত ত্রুটির কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রীদের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।শুক্রবার

2026-08-07T23:53:03+00:00
2026-08-07T23:53:28+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
ইতালি বিমানবন্দরে উড়োজাহাজ আটকা নিয়ে যা বলল বিমান কর্তৃপক্ষ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৫৩ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১১:৫৩ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। সংগৃহীত ছবি
ইতালির রোমে প্রযুক্তিগত ত্রুটির কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রীদের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট বিজি৩০৬ (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনার সময় ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটি উড্ডয়নের আগে বিস্তারিত কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটও বিলম্বিত হবে।

রোমে অবস্থানরত বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।


এদিকে, বিজি৩০৫ ফ্লাইটের নতুন প্রস্থানের সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট ২০২৬, দুপুর ১টা। সংশ্লিষ্ট যাত্রীদের ওই দিন সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

বিজি৩০৬ ফ্লাইটের হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এর আগে, শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো–ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিচিনো বিমানবন্দরে সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকে। ফ্লাইটটিতে প্রায় ২৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ইতালি  বিমানবন্দর  উড়োজাহাজ  বিমান কর্তৃপক্ষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: