হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় আগামী রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রস্তুতি শেষ হয়েছে। মাদরাসাটিতে প্রবীণ

2026-08-08T01:49:41+00:00
2026-08-08T01:49:41+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় আগামী রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রস্তুতি শেষ হয়েছে। মাদরাসাটিতে প্রবীণ আলেমে দ্বীন ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের কথা রয়েছে। সফর ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও মাদরাসা কর্তৃপক্ষ সমন্বিতভাবে নিরাপত্তা ও অভ্যর্থনার প্রস্তুতি তদারকি করছে।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর বাবুনগর মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফটিকছড়িতে আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। তাঁর সফরের মাধ্যমে ফটিকছড়ির সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং এলাকার উন্নয়নের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

তিনি জানান, সফরকালে ফটিকছড়ির টেকসই উন্নয়নকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা এবং বিদ্যমান কয়েকটি কলেজ সরকারীকরণ।

এ ছাড়া স্থানীয় গ্যাসসম্পদের সুষম বণ্টন করে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় জনগণের ব্যবহারের সুযোগ তৈরি, উপজেলার ১৮টি চা-বাগান ও চারটি রাবার বাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ এবং অব্যবহৃত ও বিস্তীর্ণ খাসজমিতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ও প্রস্তাবে থাকবে।

সরোয়ার আলমগীর আরও জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, বিভিন্ন এলাকার সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সফর সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, কঠিন ও দুর্যোগপূর্ণ সময়ে হুজুর তাদের পরিবারের পাশে অভিভাবকের মতো দাঁড়িয়েছেন।

তিনি তার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর অংশগ্রহণের কথাও স্মরণ করেন।


মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন। মাদরাসার পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের দিন দেশের বিভিন্ন স্থান থেকে ৬৪ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাড থেকে বাবুনগর মাদরাসা পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সাজসজ্জা করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   হেফাজত আমির  প্রধানমন্ত্রী  আলেম  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: