ওয়ান ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের জেআইসি সেল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকার একটি অমানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। সরকারের অসৎ উদ্দেশ্যে জেআইসির মতো গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল। এসব স্থানে ভিন্নমতের অনেক মানুষকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটকে রাখা হয়েছিল।
তিনি বলেন, ‘১/১১-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল।’
চিফ প্রসিকিউটর জানান, এসব নির্যাতনকেন্দ্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে ভবিষ্যতে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেআইসি পরিদর্শনের সময় আলামত নষ্টের অভিযোগও করেন তিনি। আমিনুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন জায়গা দেয়াল দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং অসংখ্য তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।’
তিনি আরও বলেন, বিচারকের ঘটনাস্থল পরিদর্শনের আইনগত বৈধতা রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে ঘটনাস্থলের বর্তমান অবস্থা, সেখানে থাকা আলামত এবং তথ্য-প্রমাণ সম্পর্কে সরেজমিনে ধারণা নেওয়া গুরুত্বপূর্ণ।
জেআইসি পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেখানে থাকা আলামত ও তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/এমকে