পাঁচ বছরে সোয়া লক্ষাধিক অগ্নিকাণ্ড, নিহত ৬৩১

সালাহ উদ্দিন চৌধুরী

জাতীয়

দেশে গত কয়েক বছর ধরে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সেই সঙ্গে বৈদ্যুতিক গৃহস্থালি সরঞ্জামের সহজ প্রাপ্যতায় বাসাবাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম বৃদ্ধির প্রবণতা

2026-08-09T00:41:28+00:00
2026-08-09T00:41:28+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
পাঁচ বছরে সোয়া লক্ষাধিক অগ্নিকাণ্ড, নিহত ৬৩১
সালাহ উদ্দিন চৌধুরী
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৪১ এএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশে গত কয়েক বছর ধরে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সেই সঙ্গে বৈদ্যুতিক গৃহস্থালি সরঞ্জামের সহজ প্রাপ্যতায় বাসাবাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম বৃদ্ধির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে বৃদ্ধি পেয়েছে বাসাবাড়িতে বৈদ্যুতিক গোলযোগজনিত অগ্নিদুর্ঘটনার মাত্রাও। মাত্র পাঁচ বছরের ব্যবধানে দেশে বৈদ্যুতিক গোলযোগজনিত অগ্নিদুর্ঘটনা বেড়েছে ৪৬ শতাংশ। আর অগ্নিদুর্ঘটনার স্থান হিসেবে শীর্ষে রয়েছে আবাসিক ভবনগুলো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাইকে নিম্নমানের বৈদুতিক তার ব্যবহার না করার পাশাপাশি ক্যাপাসিটির তুলনায় অধিক লোডের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বৈদ্যুতিক গোলযোগজনিত অগ্নিদুর্ঘটনা রোধে নিয়মিত বৈদ্যুতিক তার পরিবর্তনের কথাও বলেছেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে দেশে ১ লাখ ২৭ হাজার ৩৮টি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৬৩১ জন। আগুন নেভাতে গিয়ে এ সময়ে নিহত হন ফায়ার সার্ভিসের ১৭ জন কর্মী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে মোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২১ হাজার ৬০১টি। মোট ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২১৯ কোটি টাকা। 

বৈদ্যুতিক গোলযোগ থেকে সর্বাধিক ৩৭ শতাংশ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নিহত হন ২১৯ জন। ২০২১ সালে বহুতল ভবনসহ ৫ হাজার ৯৬১টি বাসাবাড়িতে আগুন লাগে। এই সময়ে রফতানিমুখী ও স্থানীয়সহ মোট ২৭৫টি পোশাক কারখানায় (গার্মেন্টস) আগুন লাগে। বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ১৯৯টি।

২০২২ সালে সংঘটিত হয় ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ড। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগ থেকে সর্বাধিক ৩৮ শতাংশেরও বেশি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মারা যায় ৮৫ জন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১৩ জন নিহত হন। এ সময়ে ৬ হাজার ৬৭৪টি আবাসিক ভবন ও বাড়িতে আগুন লাগে। গার্মেন্টসে আগুনের ঘটনা ছিল ৩৮৪টি। আর বস্তিতে আগুনের ঘটনা ছিল ১১৯টি। ২০২৩ সালে সংঘটিত হয় ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ড। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগ থেকে সর্বাধিক ৯ হাজার ৮১৩টি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মারা যায় ১০২ জন। এ সময় ৭ হাজার ১০৩টি বাসাবাড়ি ও সুউচ্চ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বছরে ৪০৩টি পোশাক কারখানায় আগুন লাগে। আর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল ১৯৯টি।


২০২৪ সালে সংঘটিত হয় ২৬ হাজার ৬৫২টি অগ্নিকাণ্ড। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগ থেকে সর্বাধিক ৯ হাজার ৬৯টি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মারা যায় ১৪০ জন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১ জন নিহত হন। এই সময়ে ৭ হাজার ২৮৪টি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর রফতানি ও স্থানীয় তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনা ছিল ২৩৬টি। বস্তিতে ছিল ৮৪টি।

২০২৫ সালে সংঘটিত হয় ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগ থেকে সর্বাধিক ৩৫ শতাংশেরও বেশি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এ সময় মারা যায় ৮৫ জন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন নিহত হন। ২০২৫ সালে ৮ হাজার ৭০৫টি আবাসিক ভবনে আগুন লাগে। ৬৬৫টি তৈরি পোশাক কারখানায় আগুন লাগে গত বছরে। আর এই সময়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল ৯১টি।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বাসাবাড়ি কিংবা আবাসিক ভবনে অগ্নিদুর্ঘটনা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।

শুধু এই একটি ঘটনাই নয়, ফায়ার সার্ভিস কর্মকর্তারা আরও জানান, গত ৫-৬ বছর ধরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত পাঁচ বছরে আবাসিক বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৩৫ হাজার ৭২৭টি। ২০২১ সালে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল ৫ হাজার ৯৬১টি। যা ২০২২ সালে বৃদ্ধি পেয়ে হয় ৬ হাজার ৬৭৪টি। বৃদ্ধির ধারাবাহিকতায় ২০২৩ সালে হয় ৭ হাজার ১০৩টি। ২০২৪ সালে ৭ হাজার ২৮৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাসাবাড়িতে এবং ২০২৫ সালে বৃদ্ধির ধারাবাহিকভাবে তা হয় ৮ হাজর ৭০৫টি। অর্থাৎ পাঁচ বছরে ব্যবধানে বাসাবাড়িতে বা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড বৃদ্ধির হার ৪৬ শতাংশ। আর এই পাঁচ বছরে রফতানিমুখী ও স্থানীয় পোশাক কারখানায় ১ হাজার ৯৬৩টি অগ্নিদুর্ঘটনা ঘটে। আর বস্তিতে গত পাঁচ বছরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৬৯২টি।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সময়ের আলোকে বলেন, মানুষের সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে অগ্নিদুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর প্রতিটি ঘটনা তদন্ত করা হয়। অগ্নিকাণ্ডের কারণ বিশ্লেষণ করা হয়। এসব কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডের পেছনে বৈদ্যুতিক গোলযোগ অন্যতম একটি প্রধান কারণ। 

এই কর্মকর্তা আরও বলেন, বাণিজ্যিক কিংবা আবাসিক ভবন তৈরির করার পর প্রথমে যে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় এরপর অধিকাংশ ক্ষেত্রেই তা আর পরীক্ষা বা বদল করা হয় না। প্রতিটি জিনিসেরই একটি নির্দিষ্ট মেয়াদ থাকে কিন্তু আমরা সেই কথা ভুলে যাই। আবার অনেক ক্ষেত্রে নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়। যা অগ্নিকাণ্ডের ঝুঁকির মাত্রা বহুগুণ বৃদ্ধি করে। তাই নির্দিষ্ট সময় পর এসব বৈদ্যুতিক তার পরীক্ষা করা উচিত। ত্রুটি থাকলে তা বদলে ফেললে ঝুঁকির মাত্রা অনেকাংশেই কমে যায়। এই কর্মকর্তা আরও বলেন, গত ৫-৬ বছর ধরে অনেকেই রান্নার কাজে বিদ্যুৎ ব্যবহার করছেন।

অনেক আবাসিক ভবনে বৈদ্যুতিক ক্যাপাসিটির (লোড) তুলনায় অধিক লোডের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ফলে বৈদ্যুতিক গোলযোগজনিত দুর্ঘটনাগুলো ঘটছে। অনেক বাসায় বৈদ্যুতিক টু ফেস থাকলেও অনেকে থ্রি ফেসের সরঞ্জাম ব্যবহার করেন। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   লক্ষাধিক  অগ্নিকাণ্ড  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: