ব্যাংক খাতে সংকট মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ সংশোধন করছে সরকার। একই সঙ্গে বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান আরও সহজ করতে অনুমোদন দেওয়া হয়েছে ‘ভিসা নীতিমালা-২০২৬’।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে দুটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ১৮ক ধারা বিলুপ্ত হবে।
তফসিলি ব্যাংকের মূলধন ও তারল্য সংকট, দেউলিয়াত্ব কিংবা অস্তিত্বের ঝুঁকি মোকাবিলায় ২০২৫ সালে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি করা হয়। পরে সংসদে আইন পাসের সময় বিশেষ কমিটির সুপারিশে ১৮ক ধারা যুক্ত করা হয়েছিল। তবে আইন কার্যকর হওয়ার পর এ ধারার আওতায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় সরকার এটি বাতিলের উদ্যোগ নেয়।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন নীতিমালায় ভিসার ক্যাটাগরি ৩৩ থেকে বাড়িয়ে ৩৪টি করা হয়েছে।
বিদেশি বিনিয়োগ, ব্যবসা, দক্ষ জনবল ও পর্যটন আকর্ষণের পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন নীতিমালায়। জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে ভিসা ব্যবস্থাকে আরও সমন্বিত ও সেবামুখী করাই এর লক্ষ্য।
নতুন নীতিমালা কার্যকর হলে আগের বিচ্ছিন্ন ভিসা সংক্রান্ত সার্কুলারগুলো বাতিল করে একটি সমন্বিত ভিসা কাঠামো চালু করা হবে।
সময়ের আলো/এমকে