ডিজিটাল লেনদেনে জনগণকে উৎসাহিত করতে ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এক দেশ, এক কিউআর — লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক রোড শো। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় আগারগাঁও অগ্রণী ব্যাংক পিএলসির পরিবেশ ভবন শাখার আয়োজনে আগারগাঁওয়ের বিভিন্ন সড়কে এ রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শোতে বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়িসহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে ব্যাংকের কর্মকর্তারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করেন।
একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে যেকোনো ব্যাংক বা মোবাইল ওয়ালেট থেকে কত সহজে ও নিরাপদে টাকা লেনদেন করা যায় এবং কিভাবে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ক্যাশলেস অর্থনীতি বা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা যায় সে বিষয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাংলা কিউআরের ব্যবহার ও সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচিতে আগারগাঁও অগ্রণী ব্যাংক পিএলসি শাখার সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) ও শাখা প্রধান অজয় দাশসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় ব্যাংক কর্মকর্তারা বলেন, প্রযুক্তিনির্ভর নিরাপদ ও সহজ লেনদেন ব্যবস্থা জনপ্রিয় করার মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো সম্ভব। বাংলা কিউআরের ব্যবহার বাড়লে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথ সুগম হবে।
প্রসঙ্গত, ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোমবার দেশব্যাপী ৯৭৯টি শাখায় রোড শো ও র্যালি করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।
সময়ের আলো/আতা