কুড়িগ্রাম ফুলবাড়ীতে বাড়ির উঠানে আমগাছের মগডালে দীর্ঘ সময় আটকা পড়া অচেতন গৃহবধূ বৃষ্টি বেগমকে (২০) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, রাতে বাড়ির আঙিনায় একটি আমগাছের উঁচু মগডালে গৃহবধূ বৃষ্টিকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। বৃষ্টিকে গাছ থেকে নামানোর ব্যর্থ চেষ্টার পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করেন তারা। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় রাত ৮ টার দিকে গৃহবধূকে অচেতন অবস্থায় নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন। পরে গৃহবধূকে তার পরিবারের হাতে হস্তান্তর করে।
বৃষ্টি বেগম ইউনিয়নের দক্ষিণ বড়ভিটার (মাঝিপাড়া) জিলহানের স্ত্রী। তবে কীভাবে বা কেন তিনি আমগাছের মগডালে উঠেছিলেন এবং সেখানে গিয়ে কীভাবে অচেতন হয়ে পড়লেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জ্ঞান ফেরার পরও তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।
ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার দল জানান, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হই এবং অচেতন অবস্থায় তরুণীকে বাড়ির আঙ্গিনার আমগাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।
সময়ের আলো/আতা