বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১১ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন অর্থাৎ ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫(৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সংসদের স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে সিইসি সংসদের এ বৈঠক ডেকেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এদিন দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেখানেই সরাসরি ভোটগণনা হবে।
গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট, যাচাই-বাছাই ১৬ আগস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ১৮ আগস্ট।
সময়ের আলো/কেএইচও