ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। হামলা চালিয়ে মারধর করা হয়েছে পেশাগত দায়িত্বে থাকা একাধিক সংবাদকর্মীকে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।
কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চরম মারমুখী অবস্থান নেন। তারা ইউএনওর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। বিএনপির নেতাকর্মীরা ইউএনও কার্যালয় ঘেরাও করেন। এক পর্যায়ে তারা ইউএনওর কক্ষে ঢুকে অশালীন আচরণ শুরু করেন। ইউএনও-কে অবরুদ্ধ করে রাখেন।
এ সময় ঘটনা ও বিক্ষোভের তথ্যচিত্র ধারণ করতে গেলে সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলামকে মারপিট করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ও ছবি মুছে (ডিলিট) ফেলে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই