কর্মস্থলে যোগ না দিয়ে দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গোলাম রুহানী ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগ পান।
এ প্রেক্ষিতে তিনি ২০২৪ সালের ১০ আগস্ট ডিএমপি থেকে দায়িত্বভার অর্পণ করেন। তবে দায়িত্বভার হস্তান্তরের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেননি। একই বছরের ১৫ আগস্ট পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে সহকারী পুলিশ সুপার হিসেবে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হলেও সেখানেও যোগদান করেননি।
কর্তৃপক্ষের পক্ষ থেকে অনলাইনে আহ্বান এবং লিখিত নোটিশ দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে তিনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় পুলিশ সদর দফতর ২০২৪ সালের ১৯ নভেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী পলাতক থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি।
পরে অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ৮ এপ্রিল জমা দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা পলাতক থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী পলায়নের দায়ে মো. গোলাম রুহানীকে ২০২৪ সালের ১১ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গোলাম রুহানী নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।
সময়ের আলো/ইউএমএইচ