গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা এবং পরে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে সমবেত হন। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছামছুল হাসান ছামছুল অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তিনি অভিযোগ করেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জামায়াতের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় তিনি অবিলম্বে নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান নয়ন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার।
বক্তারা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনা প্রাধান্য পাওয়ায় প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন এবং দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
সময়ের আলো/জোই