অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের পারফরম্যান্সে গর্বিত বলেও জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমি খুবই খুশি! নিজের ওপর এবং ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।’
বাংলাদেশের পেসারদের মানসিকতায় পরিবর্তনের কথাও তুলে ধরেন অধিনায়ক। তিনি বলেন, পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইতেন না। তবে এখন তারা নিয়মিত টেস্ট খেলছেন এবং এই সংস্করণকে গুরুত্ব দিচ্ছেন।
শান্ত বলেন, ‘তারা টেস্ট খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন।’
মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা তরুণদের আরও বেশি টেস্ট খেলার জন্য উৎসাহিত করেছেন বলেও জানান শান্ত।
ঐতিহাসিক এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে শান্ত বলেন, ‘সব সংস্করণ মিলিয়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় জয়।’
সময়ের আলো/কেএইচ