আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

সাব্বির আহমেদ

জাতীয়

ছয় মাসের অগ্নি পরীক্ষা শেষে এবার মন্ত্রিসভায় মূল্যায়নের পালা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেঁধে দেওয়া ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রীদের পারফরম্যান্সের

2026-08-18T00:52:01+00:00
2026-08-18T00:52:01+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী
আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল
সাব্বির আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৫২ এএম 
ছবি : সময়ের আলো গ্রাফিক
ছয় মাসের অগ্নি পরীক্ষা শেষে এবার মন্ত্রিসভায় মূল্যায়নের পালা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেঁধে দেওয়া ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রীদের পারফরম্যান্সের হিসাব-নিকাশ চলছে। এরই মধ্যে মন্ত্রণালয়গুলোর ছয় মাসের কাজের প্রতিবেদনও পৌঁছেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সব মিলিয়ে চলতি আগস্টেই মন্ত্রিসভায় সীমিত পরিসরে রদবদলের আলোচনা জোরালো হয়েছে।

বদলাতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, যুক্ত হতে পারেন নতুন দুয়েকজন মুখ। তবে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম।

সরকার ও বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা আরও জোরালো হয়েছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ে আসতে পারে নতুন মুখ।

রাজনীতিবিদ ও আইনজীবী সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। আর শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। রাজনীতি ও সংসদে বেশ পরিচিত মুখ তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন উপসচিব সময়ের আলোকে বলেন, মন্ত্রিপরিষদের রদবদলের বিষয়টি একমাত্র মন্ত্রিপরিষদ সচিব স্যারই ভালো বলতে পারেন। তিনি যখন যাকে এ বিষয়ে অ্যাসাইন করা হবে তখনই তিনিই ফাইলটি ওঠাবেন। তবে মন্ত্রিসভায় রদবদল নিয়ে আলোচনা আছে। শিগগিরই প্রজ্ঞাপন হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য সময়ের আলোকে জানান, মন্ত্রিপরিষদে রদবদলের একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি যখন চাইবেন তখনই বাস্তবায়িত হবে। নিশ্চয়ই তিনি সব মূল্যায়ন করছেন। তিনি শুরুতেই ১৮০ দিনের কথা বলেছিলেন; এই ১৮০ দিন তার কাছে গুরুত্বপূর্ণ। কোন মন্ত্রী কেমন পারফরম্যান্স করেছে তার ওপর নির্ভর করবে রদবদল। মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা চলছে। তবে এই পর্যালোচনায় মন্ত্রিসভার পরিবর্তন বা বড় ধরনের দফতর পুনর্বণ্টনের সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না বলে জানান সরকারের এই নীতিনির্ধারক।


গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব গ্রহণের পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মন্ত্রিসভায় নির্ধারিত উপদেষ্টারা এবং বিশেষ সহকারীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সরকারের শুরুতে তুলনামূলক বড় পরিসরে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হলেও কয়েকজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা, মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ, শিল্প-বাণিজ্য-বস্ত্র ও পাট, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ, সড়ক-রেল-নৌপরিবহনসহ কয়েকটি ক্ষেত্রে একাধিক দায়িত্ব রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজের চাপ কমানো এবং নীতিনির্ধারণে আরও মনোযোগ দেওয়ার জন্য নতুন মুখ যুক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত এমপি সেলিমা রহমান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ এমপি মন্ত্রী হিসেবে যুক্ত হতে পারেন।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শহিদুল ইসলাম বাবুল এমপি এবং ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন এমপি যুক্ত হতে পারেন বলে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা সময়ের আলোকে বলেন, শামীম কায়সার লিংকন বেশ আগে থেকেই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কাজকর্ম করছেন। প্রধানমন্ত্রীর ধর্মীয় সংশ্লিষ্ট অনুষ্ঠানে লিংকনকে দেখা যাচ্ছে। ধর্মমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি কাজগুলো করছেন।

একজন প্রভাবশালী মন্ত্রী সময়ের আলোকে বলেন, আপাতত মন্ত্রিসভায় কোনো পরিবর্তনের সম্ভাবনা আমি দেখছি না। আমরা প্রতি মাসে মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের কাছে প্রেরণ করি। ছয় মাসের কাজের প্রতিবেদন একত্র করে পাঠানো হয়েছে। এসব রিপোর্ট মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রিসভায় পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে একজন প্রতিমন্ত্রী সময়ের আলোকে বলেন, ১৮০ দিনের কর্মসূচির মূল্যায়ন করা হবে। আমাদের দায়িত্ব আমরা ঠিকমতো পালন করতে পারছি না, এসব দেখা হবে। প্রধানমন্ত্রীর নিজস্ব মাধ্যম আছে, গণমাধ্যম আছে এসবের মাধ্যমে হয়তো খোঁজখবর নিচ্ছেন। কাজে ভুল থাকতে পারে, তবে গাফিলতি পাবে না ইনশাআল্লাহ।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   আগস্ট  মন্ত্রিসভায়  রদবদল  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: