মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় চারজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। তারা হলেন—ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং

2026-08-21T14:55:23+00:00
2026-08-21T15:14:01+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৩:১৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি : সময়ের আলো কোলাজ
সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় চারজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। তারা হলেন—ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভার কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, কৃষি, খাদ্য, তথ্য ও সম্প্রচার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের শরিক দলের নেতারাও নতুন করে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল নিয়ে শুক্রবার অথবা শনিবার (২২ আগস্ট) চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এ সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের দাবি, শুক্রবার সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে। এজন্য ইতোমধ্যে কয়েকটি পতাকাবাহী গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। গাড়িগুলোর জন্য নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বটি শূন্য হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।

সম্প্রতি গুঞ্জন রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সংসদ সদস্য দীপেন দেওয়ান গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। বর্তমানে মন্ত্রণালয়টির দায়িত্ব পালন করছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।

বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: