কোরআনের আলোকে সুখী দাম্পত্যের ৭ রহস্য

সময়ের আলো ডেস্ক

ইসলাম

বিবাহ শুধু নারী ও পুরুষের সামাজিক বন্ধন নয়, কোরআনের দৃষ্টিতে এটি ভালোবাসা, প্রশান্তি, দায়িত্ব ও পারস্পরিক মমতার এক পবিত্র সম্পর্ক।

2026-08-21T18:24:11+00:00
2026-08-21T18:24:11+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
ইসলাম
কোরআনের আলোকে সুখী দাম্পত্যের ৭ রহস্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম 
প্রতীকী ছবি
বিবাহ শুধু নারী ও পুরুষের সামাজিক বন্ধন নয়, কোরআনের দৃষ্টিতে এটি ভালোবাসা, প্রশান্তি, দায়িত্ব ও পারস্পরিক মমতার এক পবিত্র সম্পর্ক। দাম্পত্য জীবনের সৌন্দর্য ও সফলতার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক কোরআনের বিভিন্ন আয়াতে উঠে এসেছে।

১. বিবাহ বরকতময় আমল

দারিদ্র্যের আশঙ্কায় বিয়ে থেকে পিছিয়ে না যাওয়ার আহ্বান জানিয়ে আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদেরও। তারা যদি নিঃস্ব বা দরিদ্র হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল বানিয়ে দেবেন; আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা আন-নূর, আয়াত: ৩২)

২. দাম্পত্যে প্রশান্তি

জীবনসঙ্গীর কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়াকে কোরআন আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ করেছে। বলা হয়েছে, ‘এবং তাঁর অন্যতম নিদর্শন হলো এই যে তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো; এবং তিনি তোমাদের মধ্যে গভীর ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে।’ (সুরা রূম, আয়াত: ২১)

৩. পরস্পরের পোশাক

স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠতা ও পারস্পরিক সুরক্ষাকে কোরআন পোশাকের সঙ্গে তুলনা করেছে। ‘তারা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৭)

৪. একই উৎস থেকে সৃষ্টি

মানবজাতির সৃষ্টি ও দাম্পত্য সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘তিনিই সেই সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক আত্মা (আদম) থেকে এবং তা থেকে তৈরি করেছেন তার সঙ্গিনীকে (হাওয়া), যাতে সে তার কাছে পরম শান্তিতে বসবাস করতে পারে।’ (সুরা আ’রাফ, আয়াত: ১৮৯)


৫. অপছন্দের মধ্যেও কল্যাণ

দাম্পত্যে মতবিরোধ হলেও ধৈর্য ও সদাচরণের নির্দেশ রয়েছে। ‘তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে ও সুন্দরভাবে জীবনযাপন করো। অতঃপর তোমরা যদি তাদের অপছন্দও করো, তবে হতে পারে যে বিষয়টি তোমরা অপছন্দ করছ, তার ভেতরেই আল্লাহ অসীম কল্যাণ রেখে দিয়েছেন।’ (সুরা আন-নিসা, আয়াত: ১৯)

৬. বংশধারার ধারাবাহিকতা

বিবাহের মাধ্যমে পরিবার, আত্মীয়তা ও মানববংশের বিস্তার ঘটে। কোরআনে এসেছে, ‘তিনি তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, তা থেকে তাঁর সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাঁদের দুজন থেকে বহু নারী ও পুরুষ ছড়িয়ে দিয়েছেন। আর আল্লাহকে ভয় করো, যাঁর নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো এবং রক্তসম্পর্কীয় আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর সজাগ দৃষ্টি রাখছেন।’ (সুরা নিসা, আয়াত: ১)

৭. সন্তানকে চোখের শীতলতা করা

আদর্শ পরিবারের জন্য কোরআনে একটি বিশেষ দোয়া শেখানো হয়েছে। ‘আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদের খোদাভীরু ও পরহেজগারদের অনুকরণীয় নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরকান, আয়াত: ৭৪-৭৫)

কোরআনের এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায়, সুখী দাম্পত্যের ভিত্তি শুধু ভালোবাসা নয়, বরং পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ, সহনশীলতা, মমতা ও আল্লাহভীতিও এর অবিচ্ছেদ্য অংশ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কোরআন  সুখী  দাম্পত্য  রহস্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: