প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি : সংগৃহীত কোনো ব্যক্তি মাগরিবের নামাজ ওয়াক্তের মধ্যে আদায় করতে পারেননি। পরে এশার ওয়াক্তে মসজিদে গিয়ে দেখলেন, জামাত শুরু হয়ে গেছে। তার মাগরিবের নামাজ কাজা হওয়ার কথাও স্মরণ আছে। এরপরও জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তিনি ইমামের সঙ্গে এশার নামাজে শরিক হলেন। অতীতে তার কোনো নামাজ কাজা ছিল না। এখন তার করণীয় কী? তিনি কি মাগরিবের কাজা আদায় করবেন, নাকি এশার নামাজও আবার পড়তে হবে?
এমন পরিস্থিতিতে মাগরিবের নামাজ কাজা হওয়ার কথা স্মরণ থাকা সত্ত্বেও এশার জামাতে শরিক হওয়া এবং ইমামের সঙ্গে এশার নামাজ আদায় করা সহিহ হয়নি। তাই ওই ব্যক্তিকে প্রথমে মাগরিবের কাজা নামাজ আদায় করতে হবে। এরপর এশার নামাজও পুনরায় পড়ে নিতে হবে।
এর কারণ হলো, কোনো ব্যক্তির আগের কোনো নামাজ কাজা না থাকলে একটি ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাওয়ার পর পরবর্তী ওয়াক্তের নামাজ আদায়ের আগে সেই কাজা নামাজ আদায় করা জরুরি। এমনকি কাজা নামাজ আদায় করতে গেলে পরবর্তী ওয়াক্তের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও আগে কাজা আদায় করতে হবে। তবে কাজা নামাজ আদায় করতে গিয়ে পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে আগে ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে হবে।
এ বিষয়ে হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো ওয়াক্তের নামাজ (ওয়াক্তের মধ্যে) পড়তে ভুলে গেছে, অতঃপর ইমামের পেছনে (পরবর্তী ওয়াক্তের) নামাজ পড়ার সময় তার ওই নামাজের কথা স্মরণ হয়, তাহলে সে ইমামের সঙ্গে নামাজটি পড়ে নেবে। এরপর যে নামাজটি পড়তে ভুলে গিয়েছিল (অর্থাৎ কাজা নামাজ), তা আদায় করবে। এরপর ইমামের সঙ্গে যে নামাজটি পড়েছে (অর্থাৎ বর্তমান ওয়াক্তের ফরজ নামাজ), তা আবার পড়ে নেবে।’ (তহাবি, হাদিস : ২৬৮৪)
এই হাদিস উল্লেখ করার পর ইমাম তহাবি (রহ.) বলেন, ইমামের সঙ্গে যে নামাজটি আদায় করা হয়েছে, তা ওই ব্যক্তির জন্য নফল হিসেবে গণ্য হবে।
সময়ের আলো/এসএকে