ছবি : সংগৃহীত শীতকাল মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। এ সময় প্রকৃতি কুয়াশা ও শিশিরের চাদরে সেজে ওঠে। বাজারে পাওয়া যায় নানা রকম নতুন ফলমূল ও শাকসবজি। প্রকৃতির এই বৈচিত্র্য ও নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা মুমিনের দায়িত্ব। পাশাপাশি শীতকালকে ইবাদতের জন্যও বিশেষ উপযোগী মনে করা হয়। দীর্ঘ রাত ও ছোট দিনকে কাজে লাগিয়ে এ সময় নফল নামাজ ও রোজা পালনের সুযোগ রয়েছে। কোরআন-হাদিসের আলোকে শীতকালে মুমিনের আটটি করণীয় তুলে ধরা হলো।
১. শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো
অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা ইসলামের অন্যতম শিক্ষা। শীতের তীব্রতায় দেশের অনেক মানুষ কষ্টে দিন কাটান। তাদের জন্য শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা মুমিনের দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সওয়াবের কাজ।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মুসলমান অন্য কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন। খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন। পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন।’ (আবু দাউদ)
২. বেশি বেশি নফল রোজা রাখা
শীতকালে দিন ছোট হওয়ায় রোজা রাখা তুলনামূলক সহজ। এ সময় ফরজ রোজার কাজা আদায়ের পাশাপাশি নফল রোজা রাখারও সুযোগ রয়েছে। দীর্ঘ রাত ও ছোট দিনের কারণে শীতকালকে ইবাদতের উপযোগী সময় হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে।’ (শুআবুল ইমান)
৩. নিয়মিত তাহাজ্জুদ আদায়
তাহাজ্জুদ নফল নামাজের মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ ইবাদত। শীতকালে রাত দীর্ঘ হওয়ায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায়ের সুযোগ বেশি থাকে। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদতে সময় কাটানো মুমিনের জন্য বিশেষ সওয়াবের কাজ।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো। এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ, তথা প্রশংসিত স্থানে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৭৯)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ রাতের নামাজ তথা তাহাজ্জুদ।’ (মুসলিম)
৪. ভালোভাবে অজু করা
শীতের সময় ঠান্ডার কারণে অনেকে তাড়াহুড়ো করে অজু করেন। এতে অজুর কোনো অঙ্গ ঠিকমতো না ভেজার আশঙ্কা থাকে। অথচ অজুর প্রতিটি অঙ্গ যথাযথভাবে ধোয়া জরুরি। বিশেষ করে পায়ের গোড়ালি ভালোভাবে ধুয়ে নেওয়ার বিষয়ে হাদিসে সতর্ক করা হয়েছে।
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, এক সফরে রাসুলুল্লাহ (সা.) তাদের পেছনে পড়ে গিয়েছিলেন। পরে তাদের কাছে পৌঁছে দেখেন, তারা আসরের নামাজ আদায়ের জন্য অজু করছেন। এ সময় তারা পা কোনোমতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলেন। তখন রাসুলুল্লাহ (সা.) উচ্চ স্বরে বলেন, ‘সর্বনাশ! গোড়ালির নিচের অংশের জন্য জাহান্নামের আগুন রয়েছে।’ তিনি দুই বা তিনবার এ কথা বলেন। (বুখারি ও মুসলিম)
৫. প্রয়োজন ছাড়া তায়াম্মুম না করা
শীতের কারণে পানি ঠান্ডা থাকলেও শুধু এ অজুহাতে অজুর পরিবর্তে তায়াম্মুম করা যাবে না। কারণ সাধারণত পানি গরম করে কিংবা উপযুক্ত পরিবেশে অজু-গোসল করা সম্ভব। তাই শীতের সময়ও নিয়ম অনুযায়ী অজু করতে হবে।
হাদিসে এসেছে, ‘প্রচণ্ড ঠান্ডার মৌসুমে যে পরিপূর্ণ অজু করবে, তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে।’ (মাজমাউজ জাওয়ায়িদ)
তবে অজু বা গোসলের কারণে কোনো ব্যক্তির অসুস্থতা বেড়ে যাওয়ার কিংবা শরীরের কোনো অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তার জন্য তায়াম্মুম করার সুযোগ রয়েছে।
৬. চামড়ার মোজার ওপর মাসেহ করা
শীতকালে অনেকে পা ঠান্ডা থেকে রক্ষা করতে মোজা ব্যবহার করেন। ইসলামে নির্দিষ্ট শর্ত পূরণ হলে চামড়ার মোজার ওপর মাসেহ করে অজু করার অনুমতি রয়েছে। এ ক্ষেত্রে মোজা পবিত্র অবস্থায় পরতে হবে এবং তা দিয়ে টাখনু ঢেকে রাখতে হবে। মোজা এমন হতে হবে, যাতে ফিতা দিয়ে বাঁধা ছাড়াই পায়ে আটকে থাকে এবং জুতা ছাড়া তা পরে দীর্ঘক্ষণ হাঁটা যায়। এ ছাড়া মোজায় ছেঁড়া থাকলে তা নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মোজার ওপর মাসেহ করার সময় মুসাফিরের জন্য তিন দিন, তিন রাত এবং মুকিমের জন্য এক দিন, এক রাত।’ (আবু দাউদ)
৭. শীতের পোশাক পরিধান করা
শীতের পোশাক মহান আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর একটি। পবিত্র কোরআনে চতুষ্পদ জন্তুর উপকারিতার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন। এতে তোমাদের জন্য আছে শীতবস্ত্রের উপকরণ।’ (সুরা নাহল, আয়াত : ৫)
রাসুলুল্লাহ (সা.) নিজেও শীতের সময় গরম পোশাক পরিধান করতেন। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) একদিন সকালে বের হলেন। তখন তার গায়ে কালো পশমের একটি চাদর ছিল। (আবু দাউদ)
৮. আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়
শীতকালে বাজারে নানা ধরনের নতুন ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। এগুলো মহান আল্লাহর দেওয়া নিয়ামত। এসব খাবার গ্রহণের পাশাপাশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের কর্তব্য।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক। আমি তো অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি। এরপর মাটিকে বিদীর্ণ করেছি। আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি, আঙুর, শাকসবজি, জলপাই, খেজুর, বহু বৃক্ষবিশিষ্ট বাগান, ফলফলারি ও ঘাস। এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবনধারণের জন্য।’ (সুরা আবাসা, আয়াত : ২৪-৩২)
আল্লাহর এসব নিয়ামতের যথাযথ ব্যবহার, অপচয় থেকে বিরত থাকা এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের দায়িত্ব।
সময়ের আলো/এসএকে