লোভ-লালসায় যত পাপ ও ভোগান্তি

নাহিদ হাসান

ইসলাম

মানবচরিত্রে যেসব খারাপ দিক আছে, তার মধ্যে লোভ মারাত্মক ক্ষতিকারক। ব্যক্তি, পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, কলহ-বিবাদ প্রভৃতি মানুষের শান্তিপূর্ণ

2026-11-22T12:25:34+00:00
2026-11-22T12:25:34+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ইসলাম
লোভ-লালসায় যত পাপ ও ভোগান্তি
নাহিদ হাসান
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
মানবচরিত্রে যেসব খারাপ দিক আছে, তার মধ্যে লোভ মারাত্মক ক্ষতিকারক। ব্যক্তি, পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, কলহ-বিবাদ প্রভৃতি মানুষের শান্তিপূর্ণ জীবনকে অত্যন্ত বিষময় করে তোলে। এতে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবন দুর্বিষহ হয়ে ওঠে। লোভ-লালসার প্রকৃতিতে আত্মসমর্পণ করে মানুষ অন্যায়ভাবে অপরের ধন-সম্পত্তি আত্মসাৎ করা, মান-সম্মান ধূলিসাৎ করা, এমনকি অন্যদের হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তাই ইসলামে লোভকে নিন্দা করা হয়েছে। হজরত কাব ইবনে মালিক আল-আনসারি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু না ক্ষতিসাধন করে, কারও সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতিসাধন করে তার ধর্মের।’ (তিরমিজি, হাদিস : ২৩৭৬)

কিন্তু এমন কিছু গুণাবলি রয়েছে যার ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসুল (সা.) ঈর্ষা করেছেন। এসব লোকদের ব্যাপারে রাসুল (সা.) সুসংবাদ দিয়েছেন। যারা সততা ও বিদ্বানের আকাশে এমন নক্ষত্র, যাদের আলোকরশ্মি সবাইকে সমান আলো বিলায়। জগতের সব মানুষই তাদের দ্বারা উপকৃত হয় কিন্তু তাদের নাম কারও জানা থাকে না। এসব গুণিজন নীরবে-নির্জনে কাজ করে যায়। যশ-খ্যাতি থেকে নিজেকে দূরে রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করে যায়। তাদের রেখে যাওয়া অমূল্য জিনিস থেকে দুনিয়ার মানুষ যুগ যুগ ধরে উপকৃত হতে থাকে। নিজের যত সুখ্যাতি আছে সবকিছু চুপিসারে অন্যের জন্য রেখে যায়। সে এ কল্পনা করে নিজে প্রশান্তি লাভ করে আমি যা করেছি এর খুঁটিনাটি সম্পর্কে তিনিই জানেন, যাঁর জন্য এ কাজ করা হয়েছে। অন্যরা না জানলেও তার কোনো সমস্যা নেই। যাদের দুনিয়ার প্রতি আগ্রহ কম। দুনিয়ার জন্য তার অনেক সম্পদ নেই, কোনোমতে অল্প স্বল্প চলার পাথেয় নিয়ে সে সন্তুষ্ট থাকে। যখন যা থাকে তা নিয়ে সে সন্তুষ্ট। বেজায় খুশি মনে সে আল্লাহর কৃতজ্ঞতা লুটিয়ে পড়ে। তারা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তাদের স্মরণে কোনো শোকসভার আয়োজন করা হয় না। তারা দুনিয়া থেকে বিদায় নেয় একদম সাদামাটাভাবে, যেন কেউ টেরই পায় না।

এদের কথাই হাদিসে এভাবে এসেছে। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ঈর্ষণীয় হলো সেই মুমিন ব্যক্তি যার অবস্থা খুবই হালকা (স্বল্প সম্পদ এবং পরিবারের সদস্য সংখ্যাও কম) এবং যে নামাজে মনোযোগী, সুচারুরূপে তার প্রভুর ইবাদত করে, একান্ত নিভৃতেও তাঁর অনুগত থাকে, মানুষের মাঝে অখ্যাত, তার দিকে আঙুল দিয়ে ইশারা করা হয় না, আর ন্যূনতম প্রয়োজনমাফিক তার রিজিক ও তাতেই ধৈর্য ধারণকারী। তারপর রাসুল (সা.) তাঁর দুই হাতের ইঙ্গিতে বলেন— ‘শিগগিরই তার মৃত্যু হয়, তার জন্য ক্রন্দনকারীর সংখ্যাও কম, তার রেখে যাওয়া সম্পদও খুব সামান্য।’ (তিরমিজি, হাদিস : ২৩৪৭)


আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্য পছন্দ করতেন, দরিদ্রদের ভালোবাসতেন এবং তাদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) দোয়া করে বলেন, হে আল্লাহ! তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো, দরিদ্র থাকাবস্থায় মৃত্যু দিও এবং কেয়ামত দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাশর করো। একথা শুনে হজরত আয়েশা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! আপনি এমন বলছেন কেন? তিনি বললেন, হে আয়েশা! তারা তো তাদের সম্পদশালীদের চেয়ে চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা! তুমি প্রার্থনাকারী দরিদ্রকে ফিরিয়ে দিও না। যদি দেওয়ার মতো কিছু তোমার কাছে না থাকে, তা হলে একটি খেজুরের টুকরা হলেও তাকে দিয়ো। হে আয়েশা! তুমি দরিদ্রদের ভালোবাসবে এবং তাদের তোমার সান্নিধ্যে রাখবে। তা হলে কেয়ামাতের দিন আল্লাহ তায়ালা তোমাকে তাঁর সান্নিধ্যে রাখবেন। (তিরমিজি , হাদিস : ২৩৫২)

আমাদের প্রিয় নবীজি (সা.) তো দরিদ্র ছিলেন। তবে এ দরিদ্রতায় ছিল না কোনো মুখাপেক্ষিতা। ছিল শুধু সম্পদের প্রতি অমুখাপেক্ষিতা। আর এই অমুখাপেক্ষিতাই ছিল তাঁর এক অনন্য বৈশিষ্ট্য, যা বড় বড় রাজা-বাদশাহরও ছিল না। আমাদের মনে রাখা উচিত যে, আমাদের প্রাণপ্রিয় নবীজি (সা.)-এর ওফাতের সময় তাঁর বাড়িতে মাত্র সাতটি স্বর্ণমুদ্রা ছিল। অথচ তিনি তাও গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার অসিয়ত করে গেছেন এবং বলেছেন— ‘আমার লজ্জা হচ্ছে, ঘরে পার্থিব সম্পদ রেখে আল্লাহর রাসুল আল্লাহর সান্নিধ্যে যাবে’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৪২২২)। হে আল্লাহ! আমাদের সবাইকে প্রিয় নবীজি (সা.)-এর জীবন ও আদর্শকে অনুধাবন ও অনুসরণের তওফিক দান করুন।
 
সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   লোভ  লালসা  পাপ  ভোগান্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: