ছবি : সংগৃহীত আল্লাহ তায়ালার অসংখ্য সুন্দর ও গুণবাচক নাম রয়েছে। কোরআনের ভাষায় এসব নামকে বলা হয় ‘আসমাউল হুসনা’। এর মাধ্যমে মুমিনরা আল্লাহ তায়ালার প্রশংসা করেন, দোয়া করেন এবং বিপদে-আপদে তাকে স্মরণ করেন।
তবে আল্লাহর নাম ও গুণাবলি নিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। তা হলো, আল্লাহকে এমন কোনো নামে ডাকা যাবে না, যে নাম তিনি নিজের জন্য নির্ধারণ করেননি কিংবা তার রাসুল (সা.) যে নামের অনুমোদন দেননি। অর্থাৎ নিজের ইচ্ছা, চিন্তা বা যুক্তি দিয়ে আল্লাহর নতুন কোনো নাম তৈরি করা বৈধ নয়। নামটির অর্থ ভালো মনে হলেও এ ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হবে না।
ইসলামি আকিদা অনুযায়ী, আল্লাহর নাম ও গুণাবলি কোরআন ও হাদিসের মাধ্যমে নির্ধারিত। একে বলা হয় ‘তাওকিফি’। অর্থাৎ আল্লাহ নিজের জন্য যেসব নাম ও গুণ সাব্যস্ত করেছেন এবং রাসুল (সা.) যেসব নাম ও গুণের কথা জানিয়েছেন, সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। মানুষের পক্ষে নিজের বিবেচনায় আল্লাহর কোনো নতুন নাম নির্ধারণের সুযোগ নেই।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো। আর যারা তার নাম বিকৃত করে, তাদের বর্জন করো। অচিরেই তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে।’ (সুরা আরাফ, আয়াত : ১৮০)
যেসব নামে আল্লাহকে ডাকা যাবে না
আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে অনেক সময় মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে, যেগুলো তার নাম হিসেবে গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি।
১. ‘দাহর’ বা সময় নামে ডাকা
আরবি ‘দাহর’ শব্দের অর্থ সময় বা কাল। বিপদে পড়লে অনেক মানুষ সময়কে দোষারোপ করেন, এমনকি সময়কেই সব ঘটনার নিয়ন্ত্রক মনে করেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে সময় নিজে কোনো কিছুর নিয়ন্ত্রক নয়। সবকিছু পরিচালিত হয় আল্লাহর ইচ্ছা ও নির্দেশে।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে কুদসিতে আল্লাহর বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ‘আদম সন্তান আমাকে কষ্ট দেয়; সে সময়কে (দাহর) গালি দেয়, অথচ আমিই সময়ের নিয়ন্ত্রক। আমার হাতেই সব ক্ষমতা, আমিই রাত ও দিনের পরিবর্তন ঘটাই।’ (বুখারি, হাদিস : ৪৮২৬)
এ হাদিস থেকে বোঝা যায়, সময়কে গালি দেওয়া বা আল্লাহর পরিবর্তে সময়কে নিয়ন্ত্রক মনে করা সঠিক নয়। তাই ‘দাহর’ নামে আল্লাহকে ডাকাও বৈধ নয়।
২. নেতিবাচক অর্থবোধক শব্দকে আল্লাহর নাম বানানো
কোরআনে আল্লাহর কিছু কাজ ও গুণের বর্ণনা নির্দিষ্ট প্রেক্ষাপটে এসেছে। কিন্তু কোনো কাজের বর্ণনা থাকলেই সেই শব্দকে আল্লাহর নাম হিসেবে ব্যবহার করা যাবে, এমন নয়।
যেমন, কাফেরদের ষড়যন্ত্রের জবাবে আল্লাহ তাদের পরিকল্পনা নস্যাৎ করার কথা উল্লেখ করে বলেছেন, ‘আল্লাহ সর্বোত্তম কৌশলকারী।’ (সুরা ইমরান, আয়াত : ৫৪)
এখানে আল্লাহর পক্ষ থেকে শত্রুদের ষড়যন্ত্রের মোকাবিলার বিষয়টি বোঝানো হয়েছে। কিন্তু এ আয়াতের ভিত্তিতে আল্লাহকে ‘মাকির’ নামে ডাকা যাবে না। কারণ, এটি তাঁর জন্য স্বতন্ত্র কোনো নাম হিসেবে সাব্যস্ত হয়নি।
৩. আল্লাহর পূর্ণতার সঙ্গে সাংঘর্ষিক নাম
এমন কোনো শব্দ আল্লাহর নাম হিসেবে ব্যবহার করা যাবে না, যার মধ্যে সীমাবদ্ধতা, দুর্বলতা বা অপূর্ণতার ধারণা রয়েছে। মানুষের ক্ষেত্রে কোনো শব্দ প্রশংসাসূচক হলেও তা আল্লাহর জন্য উপযুক্ত নাও হতে পারে।
যেমন ‘আকিল’ অর্থ বুদ্ধিমান, ‘ফকিহ’ অর্থ আইনজ্ঞ এবং ‘তবিব’ অর্থ চিকিৎসক। মানুষের ক্ষেত্রে এসব শব্দ জ্ঞান, অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার পরিচয় দেয়। কিন্তু এসব শব্দ আল্লাহর জন্য নির্ধারিত নাম নয়। তাই এগুলোকে তাঁর গুণবাচক নাম হিসেবে ব্যবহার করা উচিত নয়।
আল্লাহর নাম ও গুণাবলির ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো শব্দ যোগ করা বা নির্ধারণ করা থেকে বিরত থাকতে হবে।
৪. অন্য ধর্মের দেব-দেবীর নামে ডাকা
অন্য ধর্মের উপাস্য, দেবতা বা মূর্তির জন্য নির্দিষ্ট কোনো নামে আল্লাহকে ডাকা বৈধ নয়। কারণ, এসব নামের সঙ্গে ভিন্ন ধর্মের উপাসনা ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। মুসলমানের উচিত এ ধরনের নাম ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকা।
তবে বাংলা ভাষায় ‘সৃষ্টিকর্তা’, ‘প্রভু’, ‘মালিক’ কিংবা ‘পরম করুণাময়’-এর মতো সাধারণ অর্থবোধক শব্দ দিয়ে আল্লাহকে বোঝানো যায়। কারণ, এসব শব্দের অর্থ আল্লাহর গুণ ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৫. আল্লাহর নাম বিকৃত করা
আল্লাহর নাম পরিবর্তন করা, তাঁর জন্য মনগড়া নাম তৈরি করা কিংবা তাঁর নির্ধারিত নামের অর্থ ও ব্যবহার বিকৃত করাও নিষিদ্ধ। কোরআনে এ ধরনের কাজকে ‘ইলহাদ’ বলা হয়েছে।
সুরা আরাফের ১৮০ নম্বর আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির ইবনে কাসির (রহ.) লিখেছেন, ‘আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি হলো, আল্লাহর গুণবাচক নামগুলোকে পরিবর্তন করে মূর্তির নাম রাখা অথবা আল্লাহ নিজের জন্য যে নাম সাব্যস্ত করেননি, এমন নাম তাঁর ওপর আরোপ করা।’ (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৩/৫১৫, দারু তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)
এর উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, মুশরিকরা ‘আল্লাহ’ শব্দ থেকে বিকৃত করে ‘লাত’ এবং ‘আজিজ’ শব্দ থেকে ‘উজ্জা’ নাম তৈরি করেছিল।
আল্লাহকে ডাকার ক্ষেত্রে কোরআন ও হাদিসে বর্ণিত তাঁর সুন্দর নাম ও গুণাবলি ব্যবহার করাই মুমিনের জন্য সঠিক পদ্ধতি। নিজের পক্ষ থেকে কোনো নাম তৈরি করা কিংবা প্রমাণ ছাড়া কোনো শব্দকে আল্লাহর নাম হিসেবে প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
এ বিষয়ে আলি ইবনে আলি ইবনে আবিল ইজ তার ‘শারহুল আকিদাহ আত-তাহাবিয়্যাহ’ গ্রন্থে উল্লেখ করেছেন, ‘আল্লাহকে শুধু সেসব নাম ও গুণাবলিতেই ডাকতে হবে, যেগুলো তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা তাঁর রাসুল (সা.) তাঁর জন্য সাব্যস্ত করেছেন। এর বাইরে কোনো নাম যোগ করা বা কমানো বান্দার জন্য বৈধ নয়।’ (পৃষ্ঠা : ৮৭, আল-মাকতাবুল ইসলামি, বৈরুত, ১৯৮৮)
তাই দোয়া ও জিকিরের সময় ‘ইয়া রহমান’, ‘ইয়া রহিম’, ‘ইয়া গাফফার’, ‘ইয়া রাজ্জাক’ কিংবা সরাসরি ‘আল্লাহ’ বলে তাকে ডাকা যায়। এসব নামের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা, রহমত, রিজিক ও সাহায্য চাওয়া যায়।
মনে রাখতে হবে, আল্লাহর সুন্দর নামগুলো শুধু তাঁকে ডাকার মাধ্যম নয়, বরং তাঁর পরিচয়, মহত্ত্ব ও গুণাবলি জানারও অন্যতম উপায়। তাই দোয়া ও জিকিরে তাঁর প্রমাণিত নামগুলো ব্যবহার করা এবং মনগড়া নাম পরিহার করাই একজন মুমিনের দায়িত্ব।
সময়ের আলো/এসএকে