গ্রাফিক : সময়ের আলোস্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু আবেগ, যৌনতা বা সংসার চালানোর চুক্তি নয়; এটা আল্লাহর সৃষ্ট এক পবিত্র সহযোগিতা, যেখানে প্রথম ভিত্তি হলো পারস্পরিক সম্মান। কারণ সম্মানহীনতা যেখানে শুরু হয়, সেখানেই ভালোবাসা, আস্থা ও সংসারের স্থিতি ধীরে ধীরে ভেঙে পড়ে। ইসলাম তাই স্বামী-স্ত্রীর মধ্যে কেবল অধিকার নয়, বরং ‘মারুফ’ বা উত্তম আচরণের নির্দেশ দিয়েছে।
আল্লাহ বলেন, তোমাদের মধ্যে তিনি মোহ ও দয়া সৃষ্টি করেছেন (সূরা আর-রুম, : ২১)। এখানে মাওয়াদ্দাত অর্থ ভালোবাসা ও স্নেহ, আর রাহমাহ অর্থ দয়া, করুণা ও কোমলতা। কোনো সম্পর্ক যদি অপমান, চিৎকার, অবজ্ঞা বা নিয়ন্ত্রণের ভাষায় পরিণত হয় তবে সেখানে এই দুটি গুণই অনুপস্থিত হয়ে যায়। কুরআন আরও বলে, ‘তাদের সঙ্গে মারুফের জীবনযাপন করো’ (সূরা আন-নিসা : ১৯)। মারুফ শুধু খাবার-পোশাক দেওয়া নয়, এর মধ্যে রয়েছে কথা বলার ভাষা, মতামত শোনা, মর্যাদা রক্ষা, ক্ষমা করা এবং কষ্ট দিলে দুঃখপ্রকাশ করা। সুরা বাকারায় আল্লাহ বলেন, স্ত্রীদেরও তাদের ওপর অনুরূপ অধিকার রয়েছে, যা মারুফের সঙ্গে পালনীয় (সুরা আল-বাকারা : ২২৮)। অর্থাৎ সম্মান একপক্ষীয় দাবি নয়; এটি দুই পক্ষেরই দায়িত্ব।
রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে বলেছেন, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো (সহিহ মুসলিম : ১২১৮)। এই তাকওয়া শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; সংসারের ভেতরে স্ত্রীর প্রতি আচরণেও আল্লাহভীতি প্রকাশিত হয়। যে স্বামী স্ত্রীকে অপমান করে, তার প্রতি আল্লাহভীতি বাস্তবে দুর্বল। তিনি আরও বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম (তিরমিজি : ৩৮৯৫)। এই হাদিস স্বামীর মর্যাদার মাপকাঠি কেবল নামাজ, রোজা বা দানে নয়; বরং ঘরের ভেতরে স্ত্রীর প্রতি ব্যবহারেও স্থাপন করেছে। একই সুরে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নারীদের প্রতি সদয় হও। (সহিহ মুসলিম, ১৪৬৮)।
সম্মান কেবল আদরের মধ্যে সীমাবদ্ধ নয়। এর বাস্তব রূপ হলো, স্ত্রীর কষ্টকে গুরুত্ব দেওয়া, তার পরিশ্রমকে অস্বীকার না করা, সামনে-পেছনে একই ব্যবহার করা এবং রাগের মুহূর্তে শব্দ নিয়ন্ত্রণ করা। সুনানে আবু দাউদে রাসুলুল্লাহ (সা.) স্ত্রীর অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, অপমান না করা এবং কঠোর আচরণ থেকে বিরত থাকার কথা বলেছেন (আবু দাউদ, ২১৪২)। অন্যদিকে স্ত্রীরও স্বামীর মর্যাদা রক্ষা করা, তার প্রচেষ্টাকে অবমূল্যায়ন না করা এবং পারিবারিক গোপনীয়তা সংরক্ষণ করা জরুরি।
ইসলামে সম্মান কখনো একপক্ষের একতরফা আনুগত্য নয়, বরং এটি দুই মানুষের পারস্পরিক মর্যাদার স্বীকৃতি। অনেক সংসারে বিচ্ছেদের কারণ বড় কোনো ঘটনায় নয় বরং ক্ষুদ্র অপমান, তুচ্ছতাচ্ছিল্য, তুলনা, চিৎকার ও অবিরাম সমালোচনায়। এসব ক্ষত বাইরে দেখা যায় না, কিন্তু হৃদয়ে গভীরভাবে বসে যায়। রাসুলুল্লাহ (সা.) স্ত্রীর প্রতি কঠোরতা নয় বরং সহনশীলতা ও যত্নের নির্দেশ দিয়েছেন (সহিহ বুখারি, ৫১৮৫)। যে স্বামী স্ত্রীকে সম্মান দেয় না, সে আসলে নিজের ঘরকেই অশান্তির পরিবেশে পরিণত করে। আবার যে স্ত্রী স্বামীর মর্যাদাকে লাঘব করে, সেও সংসারের ভিত দুর্বল করে। তাই সম্মান কোনো ‘অতিরিক্ত গুণ’ নয়; এটি দাম্পত্য জীবনের প্রথম ও অপরিহার্য শর্ত।
সংসারে সম্মান ফিরিয়ে আনতে প্রয়োজন কথা বলার আগে ভাবা, রাগ থাকলে আলোচনা স্থগিত রাখা, তৃতীয় ব্যক্তির সামনে পরস্পরকে অপমান না করা এবং ভুল স্বীকার করার সাহস। ইসলাম যেখানে দয়া ও মারুফের কথা বলেছে, সেখানে অহংকার, নিয়ন্ত্রণ ও অপমানের কোনো স্থান নেই। স্বামী-স্ত্রী যখন একে অপরকে সম্মান করে, তখন ঘর শান্তির আশ্রয়ে পরিণত হয়। আর যখন সম্মান হারায়, তখন বাইরের কোনো সমস্যার আগেই সংসারের ভিত কাঁপতে শুরু করে। তাই প্রশ্নটি শুধু তাত্ত্বিক নয় প্রতিটি মুসলিম দম্পতির দৈনন্দিন আচরণে এর উত্তর খুঁজতে হবে।
সময়ের আলো/এসএকে